প্রিন্ট এর তারিখঃ May 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 16, 2026 ইং
দেশের কাঙ্খিত পরিবর্তনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিকল্প নেই - অধ্যক্ষ হেলালী

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিকল্প নেই। তিনি বলেন, মানবসেবামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে রক্তদান ও সচেতনতামূলক কর্মসূচি মানুষের জীবন রক্ষায় সহায়ক।
শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে চকবাজার গুলজার টাওয়ারের সামনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব (সিবিডিসি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেন এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ক্যাম্পেইনটি বিরতিহীনভাবে দুপুর ৩টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের শুরুতে নাইয়িম বিন ইদ্রিসের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমআইটি ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী, অধ্যাপক ফরহাদুল ইসলাম, সাংবাদিক এবিএম ইমরান, সমাজসেবক মোহাম্মদ কায়সার, ব্যবসায়ী মিজানুর রহমান রিংকু, সাহাদাত হোসাইন, রেজাউল করিম রেজা, জামাল উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন ও সম্রাটসহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিন ও পরিচালক এ এম রিয়াজ কামাল হিরণ। এছাড়া ক্লাবের এডমিন সোহান এবং মডারেটর মোহাম্মদ তারেক, আজিজুর রহমান সোহিন ও হাসনাত রানাসহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বলেন, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত রক্ত দিয়ে রোগীর জীবন বাঁচানো সম্ভব। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবান ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট